এইচএসসি ফলাফল: পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে মেয়েদের পেছনে ফেলেছেন ছেলেরা। প্রকাশিত ফল অনুযায়ী, এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল ঘোষণার সারসংক্ষেপ তুলে ধরেন।
ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন ছাত্র এবং ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন ছাত্রী।
ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ৮ দশমিক ৫৬ শতাংশ এগিয়ে রয়েছেন।
তবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ এই ফল অর্জন করেছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। ফলে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের তুলনায় ৬৪২ জন বেশি ছেলে রয়েছেন।
এদিকে এবারের পাসের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন বলে ফলাফল পর্যালোচনায় দেখা গেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর আগে ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কোনো বছর পাসের হার এতটা নিচে নামেনি।
সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পাসের হারও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
মতামত দিন