Views Bangladesh Logo

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

১১টি শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ১১ দশমিক ৪৫ শতাংশ। তবে কতজন অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন এবং নতুন করে কতজন জিপিএ-৫ পেয়েছেন, সে বিষয়ে সমন্বিত পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটে ফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মুঠোফোন নম্বরেও খুদে বার্তার মাধ্যমে ফল পাঠানো হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তিত হয়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল সংশোধিত হয়েছে। আবেদনকারীদের হিসাবে এ হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন আবেদনকারীর মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জন, রাজশাহী বোর্ডে ৭৭৯ জন, যশোর বোর্ডে ১ হাজার ৯০৯ জন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৪৩ জন এবং বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭২ জনের ফল সংশোধিত হয়েছে।

এ ছাড়া সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ৩৫৩ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৪৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হারে ময়মনসিংহের পর রয়েছে বরিশাল বোর্ডে ২২ দশমিক ৫৫ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২২ দশমিক ১৩ শতাংশ। সবচেয়ে কম পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে, ২ দশমিক ৪৮ শতাংশ।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

মূল ফল প্রকাশের পর আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়। এবার প্রথমবারের মতো প্রচলিত পুনর্নিরীক্ষণের পাশাপাশি উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনার সুযোগ দেওয়া হয়। ফলে শুধু নম্বর যোগ-বিয়োগের ভুল নয়, উত্তরপত্র মূল্যায়নের বিষয়টিও পুনর্বিবেচনার আওতায় আসে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ