এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে নিজেদের ওয়েবসাইট ও নির্ধারিত পদ্ধতিতে ফল প্রকাশ করে। এর মধ্যে রয়েছে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের ‘রেজাল্ট কর্নার’-এ গিয়ে ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরাও একই ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবে।
এ ছাড়া মোবাইলের এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাশের বছর (২০২৫) এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল পাওয়া যাবে না।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে— https://rescrutinu.eduboardresult.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা—ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ হাজার জন, বরিশাল বোর্ডে ৬১ হাজার ২৫ জন, সিলেট বোর্ডে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে (আলিম) পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন। আজ দেশের সব শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে।
এবারও ফলাফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে। তবে গত জুলাইয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মতোই এবারের ফল প্রকাশেও কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। স্থগিত পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশ করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই।

মতামত দিন