সংসদ ভবনের সামনে ফের এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ, বাসে ভাঙচুর
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হওয়ার প্রায় এক ঘণ্টা পর আবারও জড়ো হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতের এ কর্মসূচিতে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুরের ঘটনাও ঘটে। রাত ৮টার দিকে সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। এতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে ফার্মগেটমুখী সড়কে আটকে পড়া সাধারণ মানুষ নিজেরাই ব্যারিকেড সরিয়ে দিলে কয়েকটি বাস সামনে এগোতে শুরু করে।
এ সময় বিক্ষোভকারীরা বাসগুলোর গতিরোধ করেন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাসের সামনের ও পাশের কাচ ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। বাসে হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, আন্দোলনকে বিতর্কিত করতে বহিরাগতরা পরিকল্পিতভাবে ভাঙচুর চালিয়েছে।
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, “যারা ভাঙচুর করেছে, তাদের মধ্যে একজনকে আমরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি।”
অন্যদিকে বাসে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। বাসের যাত্রী আনোয়ার মিয়া বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে। কিন্তু যাত্রীবাহী বাসে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল এবং অভিন্ন প্রশ্নপত্র অতিরিক্ত কঠিন হওয়ার অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।
সকালে সায়েন্স ল্যাব মোড় অবরোধের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন। বিকেলে আবারও সায়েন্স ল্যাব মোড় অবরোধ শেষে সন্ধ্যায় তারা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হন।
একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী সংসদ ভবনের সীমানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। তবে কিছু সময় পর তারা পুনরায় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
মতামত দিন