Views Bangladesh Logo

ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তারের ঘটনায় এইচআরডব্লিউ’র উদ্বেগ

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই পদক্ষেপ বিগত প্রশাসনের দমনমূলক অভ্যাসেরই প্রতিফলন এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উচিত মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা। একইসঙ্গে ভিন্নমত দমনে আইনের অপব্যবহার বন্ধ এবং যেসব ধারার মাধ্যমে অপব্যবহারের সুযোগ তৈরি হয়, সেগুলো সংশোধন বা প্রতিস্থাপন করা জরুরি।

এইচআরডব্লিউ’র এশীয় অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘বাংলাদেশিরা জীবন বাজি রেখে স্বাধীনতা ও মানবাধিকারের মর্যাদা দাবি করার পর নতুন সরকারের প্রয়োজন সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বিএনপি সরকার অপছন্দের কনটেন্ট পোস্ট করার অভিযোগে ব্যবহারকারীদের গ্রেপ্তার করছে, যা গভীরভাবে উদ্বেগজনক।’

মীনাক্ষী গাঙ্গুলী আরও বলেন, ‘এই গ্রেপ্তারগুলো প্রমাণ করে যে নিরাপত্তা খাতের অপব্যবহার এখনো শিকড় গেড়ে আছে। প্রধানমন্ত্রীর উচিত পুলিশকে জোরালো বার্তা দেওয়া যে, সবারই মতপ্রকাশের স্বাধীনতা আছে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তাকে দ্রুত প্রতিষ্ঠান ও আইন সংস্কার করতে হবে।’

সংস্থাটির মতে, অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের সাইবার নিরাপত্তা অধ্যাদেশের মাধ্যমে আইন সংস্কারের চেষ্টা করলেও কিছু ক্ষেত্রে ত্রুটি রয়ে গেছে। বিশেষ করে অনলাইনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ অভিযোগ করতে পারবে না—এমন বিধান থাকলেও অনেক ক্ষেত্রে তা লঙ্ঘিত হচ্ছে। ক্ষমতাসীন দলের সমর্থকদের নির্দেশে পুলিশ পুনরায় মতপ্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করার চেষ্টা করছে বলে দাবি করেছে এইচআরডব্লিউ।

বিবৃতিতে আরও বলা হয়, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ও সন্ত্রাসবিরোধী আইনকে মানবাধিকারবান্ধব আইন দিয়ে প্রতিস্থাপন করা উচিত। সেই সঙ্গে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের মাধ্যমে পুলিশ সংস্কারের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি, যাতে পুলিশ কর্মকর্তারা তৎকালীন সরকারের অনুগত না হয়ে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ