বর্ষায় চামড়ার জুতো ভালো রাখবেন কীভাবে? জেনে নিন সহজ কিছু উপায়
বর্ষা এলেই সবচেয়ে বেশি বিপাকে পড়েন যারা নিয়মিত চামড়ার জুতো ব্যবহার করেন। বৃষ্টির পানি, কাদা আর বাতাসের অতিরিক্ত আর্দ্রতায় প্রিয় লেদার শু খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। একবার ভালোভাবে ভিজে গেলে চামড়া শক্ত হয়ে ফেটে যাওয়া, দুর্গন্ধ তৈরি হওয়া কিংবা ছত্রাক ধরার মতো সমস্যাও দেখা দেয়। তবে কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে বর্ষাতেও চামড়ার জুতো দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।
কেন দ্রুত নষ্ট হয় চামড়ার জুতো?
চামড়া স্বাভাবিকভাবেই পানি শোষণ করে। তাই বৃষ্টিতে ভিজলে জুতোর ভেতরে আর্দ্রতা জমে যায়। পরে সেটি সরাসরি রোদে বা ড্রায়ারে শুকাতে গেলে চামড়া শক্ত হয়ে ফেটে যেতে পারে। অন্যদিকে বৃষ্টির পানি, ধুলাবালি, ব্যাকটেরিয়া ও পায়ের ঘাম মিলিয়ে জুতোর ভেতরে দুর্গন্ধ তৈরি হয়। দীর্ঘদিন স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকলে ছত্রাকও জন্মাতে পারে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের জুতায় এ সমস্যা বেশি দেখা যায়।
যেভাবে যত্ন নেবেন
১. বর্ষায় সম্ভব হলে লেদার শু এড়িয়ে চলুন
বৃষ্টির দিনে বাইরে বের হলে চামড়ার জুতোর পরিবর্তে ওয়াটারপ্রুফ বা রাবারের জুতো ব্যবহার করাই ভালো। এতে দামি জুতোটি অপ্রয়োজনীয় ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। তবে যদি চামড়ার জুতো ভিজেই যায়, তাহলে যত দ্রুত সম্ভব শুকানোর ব্যবস্থা করুন। কখনোই সরাসরি রোদে বা হিটারের সামনে রাখবেন না। বরং বাতাস চলাচল করে এমন স্থানে রেখে দিন। জুতোর ভেতরে পুরোনো খবরের কাগজ বা টিস্যু গুঁজে দিলে অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে এবং জুতোর আকৃতিও ঠিক থাকবে।
২. কাদা শুকিয়ে যেতে দেবেন না
বাইরে থেকে ফিরে জুতোর গায়ে কাদা লেগে থাকলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন। নরম ও শুকনো কাপড় দিয়ে মুছে নিন। প্রয়োজন হলে হালকা ভেজা কাপড় ব্যবহার করতে পারেন। তবে এরপর অবশ্যই জুতো ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
৩. ব্যবহার করুন ওয়াটারপ্রুফিং স্প্রে
বর্ষা শুরুর আগে চামড়ার জুতোর ওপর ওয়াটারপ্রুফিং স্প্রে বা লেদার কন্ডিশনার ব্যবহার করলে ভালো হয়। এটি চামড়ার ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, ফলে পানি সহজে ভেতরে প্রবেশ করতে পারে না। একই সঙ্গে চামড়া নরম ও টেকসই থাকে।
৪. সংরক্ষণেও প্রয়োজন বাড়তি সতর্কতা
কয়েকদিন জুতো ব্যবহার না করলে তা স্যাঁতস্যাঁতে জায়গায় ফেলে রাখবেন না। পরিষ্কার করে শুকিয়ে জুতোর বাক্সে সংরক্ষণ করুন। বাক্সের ভেতরে সিলিকা জেল বা এক টুকরো কাঠকয়লা রাখলে অতিরিক্ত আর্দ্রতা শোষণ হবে। এতে ফাঙ্গাস ধরবে না, দুর্গন্ধও হবে না।
মনে রাখুন- বর্ষাকালে সামান্য যত্নই আপনার প্রিয় চামড়ার জুতোর আয়ু অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাই বৃষ্টির মৌসুমে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিকভাবে শুকানো এবং উপযুক্ত সংরক্ষণের অভ্যাস গড়ে তুলুন। তাতেই দীর্ঘদিন নতুনের মতো থাকবে আপনার সাধের লেদার শু।
মতামত দিন