গাজায় বিমান হামলার সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথি বিদ্রোহীরা
মধ্য ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ সময় সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে উঠলে ইসরায়েলিরা বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।
হামাসের সঙ্গে পর্যায়ক্রমে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানো সত্ত্বেও গাজা উপত্যকায় যখন ইসরায়েলি বাহিনী রাতভর ও মঙ্গলবার ভোর পর্যন্ত বেশ কয়েকটি বিমান হামলা চালায় তখনই এই হামলার ঘটনাটি ঘটে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ‘সম্ভবত প্রতিহত করা হয়েছিল।’
ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষ থেকে কেউ আহত হয়নি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কিছু লোক আহত হয়েছে।
উল্লেখ্য, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষের মধ্যে ইসরায়েল ও লোহিত সাগরে প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে বিদ্রোহীরা এখনও সর্বশেষ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলের চালানো ওই হামলায় দুই নারী, তাদের চার সন্তান (এক মাস থেকে ৯ বছর বয়সী) এবং এক অনাগত শিশুসহ ছয়জন বাস্তুচ্যুত ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।
দেইর আল-বালাহর আল আকসা মার্টারস হাসপাতাল লাশগুলো গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে