Views Bangladesh Logo

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩, ৬ শহরে সতর্কতা

সৌদি আরবের তিনটি শহরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর ও যানবাহন। এ হামলার পর জিলান ও জেদ্দাসহ দেশটির অন্তত ছয়টি শহরে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন সৌদি আরবের সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, গত সোমবার দেশটির খামিস মুশাইত, আবহা এবং তায়েফের বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে ১৩ জন আহত হন, যাদের আঘাত সামান্য থেকে মাঝারি ধরনের। এছাড়া হামলায় সাতটি বসতবাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ছয়টি শহরে বিশেষ সতর্কতা জারি করে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শহরগুলো হলো—আবহা, জেদ্দা, জাজান, তায়েফ, ইয়ানবু ও আল-উলায়। সম্ভাব্য হামলা থেকে সুরক্ষিত থাকতে স্থানীয় বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট অভিযোগ করেছে, হুতি বিদ্রোহীরা পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। বারবার হামলার মাধ্যমে তারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করে জোটটি।

এতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে গত সপ্তাহেও সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হুতিদের হামলায় নারী ও শিশুসহ ৭০ জনেরও বেশি মানুষ আহত হন। গত শুক্রবার রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা ড্রোন হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে নিজেদের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় রিয়াদ।

এদিকে বেসামরিক নাগরিকদের ওপর এই ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন সংস্থা। তারা সৌদি আরবের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ