Views Bangladesh Logo

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৮, নিখোঁজ ১৪

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এ ছাড়া হামলার পর থেকে ১৪ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

সোমবার (১৯ অক্টোবর) আল-আলাম শিবিরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর আওয়াদ আল-ওয়াজির।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা ভিডিওতে হামলার পর শিবিরের মাটিতে আহত ব্যক্তিদের পাশাপাশি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় প্রশাসনের সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সামরিক প্রশিক্ষণ চলার সময় শিবিরটিকে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার দায় হুথি বিদ্রোহীরা স্বীকার করেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, তাঁদের বাহিনী প্রশিক্ষণ শিবিরটিকে লক্ষ্যবস্তু করেছিল। তাঁর দাবি, শিবিরটি সৌদি বাহিনী পরিচালনা করছিল। তবে এ বিষয়ে সৌদি সরকার বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ বেড়েছে। গত সেপ্টেম্বর থেকে লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের এলাকায় হুথিদের অগ্রসর হওয়ার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা জোরালো হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারে অভিযান চালাচ্ছে।

কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকেও শাবওয়া গুরুত্বপূর্ণ। এডেন উপসাগরের তীরবর্তী জ্বালানিসমৃদ্ধ এই প্রদেশে ইয়েমেনের বৃহত্তম শিল্প বিনিয়োগ হিসেবে পরিচিত বালহাফ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদনকেন্দ্র অবস্থিত। ফলে অঞ্চলটিতে সংঘাত বৃদ্ধি দেশটির নিরাপত্তা ও জ্বালানি খাত নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর তাইজ অবরোধ করে রেখেছে হুথিরা। অন্যদিকে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। চলমান সংঘাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানকে কেন্দ্র করে বিস্তৃত আঞ্চলিক উত্তেজনার সঙ্গেও জড়িয়ে পড়েছে।

২০১৪ সালে রাজধানী সানা দখলের মধ্য দিয়ে ইয়েমেনের গৃহযুদ্ধের বর্তমান পর্যায়ের সূচনা হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে। ২০২২ সালে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত কিছুটা কমলেও চলতি বছর পরিস্থিতির আবার অবনতি হয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইয়েমেনে খাদ্য, চিকিৎসা ও মানবিক সহায়তার সংকট আরও গভীর হয়েছে বলে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা।

সূত্র: রয়টার্স

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ