Views Bangladesh Logo

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে দুজন আহত হয়েছেন এবং একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

শনিবার জাজানের আল-তুয়াল এলাকায় চালানো এই হামলায় বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র বেসামরিক স্থাপনায় হামলাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, হামলার পর জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

হুতিরা দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরায় অবস্থিত সৌদি সামরিক ঘাঁটি।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গত কয়েক দিন ধরে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইয়েমেন পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, যা আঞ্চলিক সংকট আরও গভীর করার আশঙ্কা তৈরি করেছে।

এর আগে মঙ্গলবার হুতিরা সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হন।

জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় চার বছর ধরে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়। বর্তমানে হুতি যোদ্ধারা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং কৌশলগত বন্দরনগরী মোখাও দখলে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী আল-জাওফ, মারিব ও আল-বাইদা অঞ্চলে নতুন করে সংঘাতে জড়িয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, এই সংঘাতে এ পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

চলতি মাসে ইয়েমেন সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, ইয়েমেন ‘যুদ্ধের একটি নতুন এবং আরও বিপজ্জনক অধ্যায়ের’ দিকে এগিয়ে যাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ