ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির ম্যানেজার নাঈমুর রহমান (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, হামলাকারীরা নাঈমুরকে কোপানোর পর তাঁর চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে যান। এ সময় তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের মধ্যে আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের দোকান বসানো নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। তবে হামলার পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।
নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গ্রামে। তাঁর বাবার নাম গোলাম মোস্তফা। তিনি ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলেই থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মতামত দিন