Views Bangladesh Logo

ডেমরায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসপাতালের ওয়ার্ড বয় গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শুক্রবার (২৯ মে) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকায় অবস্থিত শামসুল হক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত নুর নবী (২০) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শামসুল হক জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ ওঠার পর ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত নুর নবীকে আটক করেন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রোববার (৩১ মে) ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মানুষের নৈতিকতার এত বড় বিপর্যয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি হাসপাতালে এসে আড়াই বছরের কোমলমতি শিশুকে ধর্ষণের চেষ্টা করার মতো জঘন্য অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার নুর নবীকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ