পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টার কিছু আগে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) নবজাতক ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় নার্সারিতে ১৬টি নবজাতক শিশু ছিল, যাদের মধ্যে কেবল একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হেলথ (এমসিএইচ) ওয়ার্ডের তৃতীয় তলায় নার্সারির ভেতরে একটি এয়ার-কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ১৪টি নবজাতক সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে মারা যায়।
কর্মকর্তারা জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছয়টি ফায়ার ইউনিট ও চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর শীতলীকরণ কার্যক্রম শুরু করেন।
আগুন লাগার সঠিক কারণ জানতে ও ঘটনার বিস্তারিত তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, এ তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন অতিরিক্ত জেলা প্রশাসক।
সূত্র: জিও নিউজ
মতামত দিন