হরমুজ প্রণালি প্রায় অচল, বিশ্ব অর্থনীতিতে বাড়ছে চাপ: জাতিসংঘ
মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন। সংস্থাটির সাম্প্রতিক মূল্যায়ন প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে গেছে। গত ফেব্রুয়ারিতে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত, মার্চে তা নেমে এসেছে মাত্র ৬টিতে—অর্থাৎ এক মাসে প্রায় ৯৫ শতাংশ হ্রাস।
ইউএনসিটিএডি বলছে, এই পরিস্থিতির কারণে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে শিল্প উৎপাদন, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভোগ ব্যবস্থায়। পাশাপাশি সমুদ্রপথ, বিমান কার্গো ও বন্দরভিত্তিক সরবরাহ ব্যবস্থাও চাপে পড়েছে।
সংস্থাটি সতর্ক করেছে, যদি এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হয় বা আরও খারাপ হয়, তাহলে জ্বালানির দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে। এতে বিশ্বজুড়ে স্থায়ী মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হবে।
বিশেষ করে দক্ষিণ এশিয়া ও ইউরোপ অঞ্চলের দেশগুলো, যারা মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর বেশি নির্ভরশীল, তারা বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে