যুদ্ধরত দেশ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সঙ্গে যেসব দেশ সরাসরি যুদ্ধে জড়িত নয়, তাদের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১৫ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালি সব দেশের জন্য খোলা থাকবে, শুধু যেসব দেশ আমাদের সঙ্গে যুদ্ধে রয়েছে তাদের জাহাজ ছাড়া।
তিনি আরও বলেন, প্রণালি দিয়ে যেসব দেশ চলাচল করতে চায়, তাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরান। আঞ্চলিক সংঘাত বন্ধ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং সব জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।
আব্বাস আরাগচি বলেন, ভারতের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালিসহ আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে দুই দেশের অবস্থান ও উদ্বেগে মিল রয়েছে।
তবে একই সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে ইরান। নতুন নিয়ম অনুযায়ী, কোনো জাহাজকে প্রণালি অতিক্রমের আগে অনুমোদন নিতে হবে, টোল পরিশোধ করতে হবে এবং মালিকানা, ক্রু, পণ্য, গন্তব্যসহ ৪০টির বেশি তথ্য জমা দিতে হবে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া সতর্ক করে বলেছেন, মার্কিন অস্ত্র বহনকারী জাহাজ আর এ প্রণালি ব্যবহার করে আঞ্চলিক ঘাঁটিতে যেতে পারবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারী দেশগুলোকেও চলাচলে সমস্যার মুখে পড়তে হতে পারে।
এদিকে চীনের অনুরোধে কয়েকটি চীনা জাহাজকে প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। দুই দেশের কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি দুই মিলিয়ন ব্যারেল ইরাকি অপরিশোধিত তেলবাহী একটি চীনা সুপারট্যাঙ্কার দীর্ঘ দুই মাস আটকে থাকার পর ১৩ মে হরমুজ প্রণালি অতিক্রম করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে