Views Bangladesh Logo

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে 'সত্যকে মিথ্যা বানাতে দক্ষ' বলে কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা। অন্যদিকে 'মিথ্যা' শব্দটিকে অসংসদীয় আখ্যা দিয়ে কার্যবিবরণী থেকে তা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ ঘটনা ঘটে।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর আগের দিনের এক বক্তব্যে আপত্তি জানিয়ে বলেন, 'আমার কালকে চলে যাওয়ার পরে তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি।'

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, 'আসলে আল্লাহতায়ালা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এজন্য শুধু তাঁকে ধন্যবাদ জানাতেই আমি এখানে দাঁড়িয়েছি।'

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, 'বিরোধী দলের নেতা, আপনি পয়েন্ট অব অর্ডারে নিশ্চয়ই এ বক্তব্য রেখেছেন। পয়েন্ট অব অর্ডার চলমান বিষয়ের ওপর হয়। এটা তো গতকালের বিষয়, গতকালই শেষ হয়ে গিয়েছে। সুতরাং এটা এখন আর নতুন করে তোলার প্রয়োজন নেই। মন্ত্রীরও উত্তর দেওয়ার প্রয়োজন নেই। উনি যদি হাউজে থেকে বলতেন, তাহলে নিশ্চয়ই আপনাকে জবাব দেওয়ার সুযোগ দিতাম।'

এরপর স্পিকারের অনুমতিক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দেন। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে বিরোধীদলীয় নেতা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে ‘মিথ্যা’। উনি ‘অসত্য’ বললে আমি আপত্তি করতাম না। ‘মিথ্যা’ শব্দটা অসংসদীয় হিসেবে কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি।’’

আগের দিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিরোধীদলীয় নেতার কালকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, তিনি একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। রুল ৬২ অনুসারে আপনি একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন তারা ওয়াকআউট করার অনেক পরে। তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পঠিত হলো কীভাবে? সেই কারণেই আমি বলেছি বক্তব্যটা অসত্য।'

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, 'বিভ্রান্তিটা এখানেই, মাননীয় স্পিকার। একই বিষয়, একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে। শুধু নাম বদল হয়েছে, প্রস্তাবটি ঠিক আছে। আমি আগেরটা জানতাম বলেই বলেছি। এখানে আমি কোনো ভুল তথ্য দেইনি।'


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ