Views Bangladesh Logo

বিবাহিত শিক্ষার্থীদের ভর্তি নিষেধ, ভর্তির পর বিয়ে করলেও টিসি দেবে হলি ক্রস

রাজধানীর হলি ক্রস কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে প্রতিষ্ঠান ছাড়তে হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব শর্তের কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য আরও কয়েকটি বাধ্যতামূলক নিয়মের কথা বলা হয়েছে। নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত পোশাক পরা, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এসব নিয়ম মানতে আপত্তি থাকলে শিক্ষার্থীদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থী নেবে হলি ক্রস কলেজ। এসএসসি পরীক্ষায় পাওয়া জিপিএ এবং কলেজের লিখিত সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ শিক্ষাবর্ষে তিন বিভাগ মিলিয়ে মোট ১ হাজার ৩৩০টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০ এবং মানবিক বিভাগে ২৭০টি আসন নির্ধারিত হয়েছে।

বিভাগভেদে আবেদনের যোগ্যতাও আলাদা রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগে আবেদন করতে এসএসসিতে জিপিএ ৫ থাকতে হবে এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ প্রয়োজন। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবেন। আর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পেলে ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের সুযোগ থাকবে।

ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও ফি জমা দেওয়ার পর সিলেকশন টেস্টে অংশ নিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর প্রকাশ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে। ভর্তি সংক্রান্ত আবেদন, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনা কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ