দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ
দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা ২২ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের অর্ধেকই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। আক্রান্তদের মধ্যে তরুণ ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতিও উদ্বেগ তৈরি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, গত এক বছরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এতে ২ হাজার ৩০৫ জনের সংক্রমণ শনাক্ত হয়। এর আগের বছর শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন। আগের বছর এ সংখ্যা ছিল ২৫৪।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বয়সভিত্তিক হিসাবে আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ। বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের।
বৈবাহিক অবস্থার হিসাবে নতুন আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত এবং সমান ৪৮ শতাংশ অবিবাহিত। এ ছাড়া ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী।
আক্রান্তদের পেশা ও আচরণগত পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষের (এমএসডব্লিউ) হার ১০ শতাংশ। এ ছাড়া হিজড়া জনগোষ্ঠীর সদস্য ১ শতাংশ, নারী যৌনকর্মী ১ শতাংশ এবং শিরায় মাদক গ্রহণকারী ৪ শতাংশ।
অন্যদিকে, বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে।
জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির কারণেও শনাক্তের সংখ্যা বেড়েছে। নতুন সংক্রমণ শনাক্তের সঙ্গে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে বিশেষ কিছু জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে শনাক্তের হার বেশি। এ দুই জনগোষ্ঠীর পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছর তাদের মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ, এ বছর তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর নতুন শনাক্ত ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্ত হওয়ার পরপরই চিকিৎসা শুরু করেছেন। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার মাধ্যমে শরীরে এইচআইভির মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৬১৮ জন। সে হিসাবে প্রায় ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।
মতামত দিন