ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, পারমাণবিক শক্তি অর্জনে সৌদি আরবের যাত্রা শুরু
সৌদি আরবের সঙ্গে একটি যুগান্তকারী পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে ভবিষ্যতে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পাবে। মার্কিন জ্বালানি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ও সৌদি যুবরাজ আবদুল আজিজ বিন সালমান একটি ‘দ্বিপক্ষীয় নিরাপত্তা রক্ষাকবচ চুক্তি’ (বাইল্যাটারাল সেফগার্ডস অ্যাগ্রিমেন্ট) এবং একটি ‘শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি’তে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ।
এর ফলে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরাসরি অংশগ্রহণের আইনি সুযোগ পেল মার্কিন কোম্পানিগুলো। চুক্তিটির পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
চুক্তিটি ৩০ বছরের জন্য কার্যকর থাকবে এবং এর আওতায় সৌদি আরবকে এমন প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করা হতে পারে, যার মাধ্যমে দেশটি ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করবে।
ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। তাদের দাবি- এটি আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখেই সম্পন্ন হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পের জন্য বিশাল অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।
মতামত দিন