Views Bangladesh Logo

ওয়ারীতে মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম, মুক্তিপণ আদায়ের অভিযোগ

রাজধানীর ওয়ারী এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি রাতভর জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) রাতে নারিন্দায় এ অপহরণের ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুন) সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত সুভাষ দেউরী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের শ্যামল দেউরীর ছেলে। তিনি রাজধানীর ওয়ারীর ১৫ নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করতেন।

আহতের রুমমেট দুর্জয় সাহা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওষুধ কিনতে বাসা থেকে বের হন সুভাষ। নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে। হামলার পর সুভাষকে জিম্মি করে রাতভর বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয়। এ সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও জানান, প্রাণভয়ে তিনি নিজেই বিকাশের মাধ্যমে ৬ হাজার টাকা পাঠান। এছাড়া সুভাষের পরিবারের সদস্যরাও দুর্বৃত্তদের দেওয়া নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২০ থেকে ২৫ হাজার টাকা পাঠাতে বাধ্য হন। একই সঙ্গে হামলাকারীরা তার ব্যাংকের চেকবই ও বিভিন্ন পিন নম্বরের তথ্য আদায়েরও চেষ্টা করে। অভিযোগ রয়েছে, নির্যাতনের সময় দুর্বৃত্তরা তার সামনেই মাদক সেবন করে।

ভোররাতের দিকে সুভাষের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে বাসার সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

দুর্জয় সাহা বলেন, রাতে সুভাষ বাসায় না ফেরায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একই রাতে বিষয়টি ওয়ারী থানাকেও জানানো হয়েছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত সুভাষ দেউরীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক এবং হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ওয়ারী থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ