Views Bangladesh Logo

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও নিজেদের রাজনৈতিক আধিপত্য ধরে রাখল বিজেপি। দলটির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে তিনি রাজ্যের উন্নয়ন, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (১২ মে) গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রতিবেশী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আসামে গেরুয়া ঝড়ে উড়ে গেছে বিরোধী জোট। উগ্র হিন্দুত্ববাদ এবং উন্নয়নের মিশ্র রাজনীতির ওপর ভর করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই জয়ের মাধ্যমে রাজ্যে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করল দলটি। হিমন্ত বিশ্ব শর্মার সাথে এদিন পূর্ণ মন্ত্রী হিসেবে আরও চার জন বিধায়ক শপথ নিয়েছেন। তাদের মধ্যে রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ বিজেপির। বাকি দুজন অসম গণপরিষদ (এজিপি) ও বোডোল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) অতুল বোরা ও চরণ বোড়ো।

গেল ৪ মে আসামে বিজেপি ১২৬টি আসনের মধ্যে ৮২টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। তাদের মিত্র দল এজিপি এবং বিপিএফ ১০টি করে আসন পাওয়ায় তাদের সম্মিলিত আসন সংখ্যা দাঁড়ায় ১০২-এ। অন্যদিকে, কংগ্রেস ১৯টি আসনে জয়ী হয় এবং তাদের জোটসঙ্গী রাইজর দল ২টি আসন পায়। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) এবং তৃণমূল কংগ্রেস কোনো জোটের অংশ ছিল না। ভোটে এআইইউডিএফ ২ আর তৃণমূল পেয়েছে ১টি আসন।

প্রসঙ্গত, বিজেপি ২০১৬ সালে আসামে ১৫ বছরের কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেছিল। ২০২১ সালে দলটি আবারও ক্ষমতায় ফিরে আসে। উভয় নির্বাচনেই বিজেপি ৬০টি করে আসন পেয়েছিল এবং মিত্র দলগুলোর সমর্থনে সরকার গঠন করেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ