ভবানীপুরে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কলকাতার ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যাচ্ছে।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনার শুরুতে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকলেও পরবর্তী রাউন্ডগুলোতে ধীরে ধীরে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
ষষ্ঠ রাউন্ড শেষে তিনি পান ৩০ হাজার ৫৪৮ ভোট, আর শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ১১ হাজার ১৫৫। এতে তাদের মধ্যে ব্যবধান দাঁড়ায় ১৯ হাজার ৩৯৩ ভোটে।
এর আগে তৃতীয় রাউন্ড শেষে মমতা পেয়েছিলেন ৯ হাজার ৩৫৯ ভোট এবং শুভেন্দু ৮ হাজার ৪৬১ ভোট, যা থেকে প্রথম দিকে প্রতিদ্বন্দ্বিতা যে বেশ কাছাকাছি ছিল, তা স্পষ্ট হয়।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে অল্প ব্যবধানে পরাজিত করে রাজনৈতিক চমক সৃষ্টি করেছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন মমতা।
তবে ব্যক্তিগত আসনে মমতা এগিয়ে থাকলেও রাজ্যজুড়ে সামগ্রিক ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস (টিএমসি) এগিয়ে ৯৭টি আসনে। বামজোট ও কংগ্রেস একটি করে আসনে এগিয়ে রয়েছে।
যদিও অন্যান্য গণমাধ্যমের তথ্যে আসনসংখ্যায় কিছু পার্থক্য দেখা গেছে, যা ভোট গণনার অগ্রগতির সঙ্গে পরিবর্তিত হচ্ছে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়। তবে একটি আসনের ভোট বাতিল হওয়ায় বর্তমানে ২৯৩টি আসনের ফল গণনা চলছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে