রাজধানীর বাস টার্মিনাল স্থানান্তরের সম্ভাব্য স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের দল
রাজধানীর চারটি বাস টার্মিনাল স্থানান্তরের প্রস্তুতি শুরু করেছে সরকার। যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপো স্থাপনের জন্য সম্ভাব্য কয়েকটি স্থান বুধবার সরাসরি ঘুরে দেখেছে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বেলা ৩টা থেকে শুরু হওয়া এই পরিদর্শনে প্রতিনিধিদল ঘুরে দেখে পূর্বাচলের ৩ ও ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল, চুনকুটিয়া (জেলখানার বিপরীতে বাঘাইর), তেঘরিয়া আন্ডারপাস, হাসনাবাদ (ইকুরিয়া), কাঁচপুর এবং ফুলবাড়িয়া এলাকা।
পরিদর্শনের সময় সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, জমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা যাচাই করা হয়। এ ছাড়া রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন প্রতিনিধিদলের সদস্যরা।
এর আগে গত ১৫ জুন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসনকক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে অনুষ্ঠিত এক সভায় রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায়ই আজকের এই মাঠপর্যায়ের পরিদর্শন অনুষ্ঠিত হলো।
মতামত দিন