গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা
গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। আদালত সতর্ক করে দিয়ে বলেছেন, এই চর্চা লিঙ্গ বৈষম্য, কন্যা ভ্রূণ হত্যা এবং সামাজিক ভারসাম্যহীনতাকে উসকে দেয়।
গত ২৫ ফেব্রুয়ারি এই যুগান্তকারী রায়টি প্রদান করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সোমবার (১১ মে) পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, ভ্রূণের লিঙ্গ প্রকাশ করা নারীর মর্যাদা, সমতা এবং জীবনের অধিকার লঙ্ঘন করে। এটি একদিকে যেমন সাংবিধানিক নিশ্চয়তার পরিপন্থী, তেমনি আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতারও বিরোধী।
আদালত পর্যবেক্ষণে বলেছেন, বাংলাদেশে অনৈতিকভাবে ভ্রূণের লিঙ্গ প্রকাশ রোধে দীর্ঘকাল ধরে কার্যকর কোনো নিয়ন্ত্রণমূলক, তদারকি বা জবাবদিহিমূলক কাঠামোর অভাব ছিল। হাইকোর্ট বেঞ্চের মতে, যথাযথ প্রয়োগ, ডিজিটাল নজরদারি এবং প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধান ছাড়া শুধু নীতিমালা জারি করা যথেষ্ট নয়।
নজরদারি জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে আগামী ছয় মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং তা নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ডাটাবেজে নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত সমস্ত ডায়াগনস্টিক রিপোর্টের তথ্য সংরক্ষণ ও তদারকি করতে হবে।
রায়ে আরও বলা হয়েছে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কন্যা শিশুর প্রতি বৈষম্য এবং সম্ভাব্য ভ্রূণ হত্যার ঝুঁকি বাড়ায়, যা সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের সাথে সরাসরি সাংঘর্ষিক। আদালত আরও উল্লেখ করেছেন যে, ভারতসহ বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে এ ধরনের চর্চার ওপর কঠোর আইনি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে হাইকোর্ট এই রায়টিকে ‘কন্টিনিউয়াস ম্যানডামাস’ বা ধারাবাহিক নির্দেশনা হিসেবে ঘোষণা করেছেন, যার ফলে আদালত ভবিষ্যতে এই নির্দেশনাসমূহ বাস্তবায়নের বিষয়টি তদারকি করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জানুয়ারি গর্ভস্থ সন্তানের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এই রিট পিটিশনটি দায়ের করেছিলেন। শুনানি চলাকালে পিটিশনকারীকে সহায়তা করেন আইনজীবী তানজিলা রহমান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে