লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করল হিজবুল্লাহ
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতির রূপরেখাটি সরাসরি প্রত্যাখ্যান করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই আলোচনাকে লেবাননের জন্য ‘ব্যর্থ’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে সংগঠনটির প্রধান নাইম কাসেম।
এক টেলিভিশন ভাষণে তিনি আরও বলেন, প্রস্তাবিত শর্ত মেনে নেওয়া হবে আত্মসমর্পণের সামিল এবং তা কেবল ইসরায়েলের কৌশলগত লক্ষ্যই পূরণ করবে।
নাইম কাসেম বলেন, ‘যুদ্ধবিরতি হতে হবে উভয় পক্ষের জন্য সমান — অন্যথায় এটি যুদ্ধবিরতি নয়, এটি আত্মসমর্পণ।’
তিনি জানান, আলোচনায় হিজবুল্লাহর কোনো প্রতিনিধিত্ব না থাকলেও প্রস্তাবের শর্তগুলো তার সংগঠনকে সংঘাত বন্ধ করে দক্ষিণ সীমান্ত থেকে সরে যেতে বাধ্য করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক যৌথ বিবৃতিতে এই প্রস্তাবের যে রূপরেখা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকে বৈরিতা সম্পূর্ণ বন্ধ হওয়ার পরই কেবল এই চুক্তি কার্যকর হবে। চুক্তিতে ইসরায়েল সীমান্ত এবং লিতানি নদীর মাঝামাঝি এলাকায় প্রায় ৩০ কিলোমিটারের একটি 'বাফার জোন' বা অন্তর্বর্তী অঞ্চল গড়ে তোলার কথা বলা হয়েছে, যেখানে হিজবুল্লাহর কোনো যোদ্ধা থাকতে পারবে না।
তবে সমালোচকরা বলছেন, প্রস্তাবে কোনো বিস্তারিত মানচিত্র বা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় এর ভঙ্গুরতা স্পষ্ট। উল্লেখ্য, প্রস্তাবিত বাফার জোনের একটি অংশ বর্তমানে ইসরায়েলি স্থলবাহিনীর দখলে রয়েছে।
এর আগে সোমবার উভয় পক্ষ একটি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যেখানে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা স্থগিত রাখার বিনিময়ে ইসরায়েল বৈরুতে বিমান হামলা বন্ধ রাখতে রাজি হয়। কিন্তু সেই সমঝোতা সত্ত্বেও বৃহস্পতিবার দক্ষিণ লেবাননজুড়ে একাধিক ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে, যা যেকোনো সম্ভাব্য চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক অগ্রগতি যাই হোক না কেন, সামরিক অভিযান অব্যাহত থাকবে।
বিশ্লেষকরা মনে করেন, লেবানন সরকার আশা করেছিল হিজবুল্লাহ শেষ পর্যন্ত আলোচনায় নমনীয় হবে। কিন্তু আঞ্চলিক প্রতিরোধের প্রধান শক্তি হিসেবে নিজেদের পরিচয় বিসর্জন দিতে সংগঠনটি এখনো রাজি নয়।
আগামী ২২ জুন উভয় দেশের প্রতিনিধিদের পুনরায় বৈঠকে বসার কথা রয়েছে। ওই বৈঠকে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে