ইসরায়েলি যুদ্ধজাহাজে হামলার দাবি হিজবুল্লাহর, লেবাননে ২৪ ঘণ্টায় নিহত আরও ৫৪
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দেশটির উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক জাহাজে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, জাহাজটি লেবাননের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, কয়েক ঘণ্টা নজরদারির পর নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ এমন ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।
লেবাননে আরও ৫৪ জন নিহত
এদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪২২ জনে। একই সময়ে আহত হয়েছেন আরও চার হাজার ২৯৪ জন। দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রেখেছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গত ২ মার্চ সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সংঘাত আবারও তীব্র আকার ধারণ করে।
দক্ষিণাঞ্চলে নিহত এক ইসরায়েলি সেনা
লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার গভীর রাতে দক্ষিণাঞ্চলীয় শেবা গ্রামে এ ঘটনা ঘটে।
আইডিএফের দাবি, এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনা। হিজবুল্লাহকে সহায়তা করছে—এমন অভিযোগে এক সন্দেহভাজনকে আটক করতে অভিযান চালানোর সময় ভুলবশত নিজেদের সেনার গুলিতে হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে অন্তত ১১ ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে