গ্রিসে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হেলিকপ্টার, সব আরোহী নিহত
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে বিধ্বস্ত হয়েছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। ভয়াবহ এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা তিন আরোহীর সবাই নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যম কাঠিমেরিনির প্রতিবেদনে বলা হয়েছে, বেল মডেলের হেলিকপ্টারটি সিফনোসের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল।
উড্ডয়নের পর হেলিকপ্টারটির গন্তব্য ছিল দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়া। কিন্তু আকাশে ওঠার কয়েক মুহূর্তের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের পানিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান শুরু করে।
হেলিকপ্টারটি কেন উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটি, পাইলটের কোনো ভুল কিংবা অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার তদন্তে নতুন একটি তথ্য সামনে এসেছে। কাঠিমেরিনির প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তাঁর অভিজ্ঞতা বা দুর্ঘটনার সঙ্গে নিয়োগের সময়সীমার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে গ্রিক কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র: রয়টার্স
মতামত দিন