ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ মোট আটজন আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মেলাউই জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে শুক্রবার নিশ্চিত করেছে স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর।
বিধ্বস্ত হেলিকপ্টারটি এয়াবাস এইচ১৩০ মডেলের ছিল এবং এটি একটি স্থানীয় বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন। উদ্ধারকারী বাহিনীর প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফি জানান, মেলাউইয়ের একটি পাম-বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকা এবং ঘন জঙ্গলে ঘেরা, যা পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত। দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সময় লাগে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ২ জন ক্রু ও ৬ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটির লেজের অংশ মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যা কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে। তবে কী কারণে এ বিচ্ছিন্নতা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র : গালফ নিউজ, এএফপি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে