Views Bangladesh Logo

জুলাই স্মৃতি জাদুঘরের ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, জুলাই জাদুঘরে সংগঠনটির নেতাকর্মীদের অবয়বে ভাস্কর্য স্থাপন শরিয়তের বিধানের পরিপন্থি। একই সঙ্গে আলেমদের আত্মত্যাগের সঙ্গেও এর বৈপরীত্য রয়েছে বলে দাবি করেন তারা।

হেফাজতের ভাষ্য, ইসলামের দৃষ্টিতে মানুষের ভাস্কর্য নির্মাণ বৈধ নয়। ব্যক্তি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান যত বড়ই হোক, ধর্মীয় বিধান উপেক্ষা করে ভাস্কর্য নির্মাণের সুযোগ নেই।

বিবৃতিতে বলা হয়, যারা ইসলামি আকিদা, ঈমান ও মূল্যবোধ রক্ষার আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের স্মৃতি সংরক্ষণের নামে ভাস্কর্য নির্মাণ করা তাদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। সংগঠনটির দাবি, অতীতে ভাস্কর্য ও মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আলেমরা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ এখন তাদেরই অবয়বে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান, শহীদ ও আন্দোলনকারীদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা স্বীকার করলেও হেফাজত বলেছে, সেই স্মৃতি সংরক্ষণের নামে দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও ইসলামি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়।

সংগঠনটি জাদুঘর নিয়ে দুটি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরতে লিখিত ইতিহাস, প্রামাণ্য দলিল ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা করা। পাশাপাশি ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরের ঘটনা, ২০২১ সালের আন্দোলনে আলেম ও তৌহিদি জনতার ত্যাগ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তারা।

ভাস্কর্যগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়ে হেফাজত হুঁশিয়ারি দিয়েছে, দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে আলেম সমাজ নীরব থাকবে না। সংগঠনটির নেতারা বলেন, জুলাই জাদুঘরে হেফাজত নেতাদের অবয়বে ভাস্কর্য স্থাপন তাদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ