Views Bangladesh Logo

ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে পথচারীরা

রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। রবিবার (২০ সেপ্টেম্বর) রামপুরা, বনশ্রী, নতুন বাজার, মিরপুর ও পল্লবী, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ ঢাকা শহরের বিভিন্ন অংশে এ বৃষ্টি হয়। ছুটির দিন শেষে সপ্তাহের শুরুর দিন সকালেই এমন টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ।

বৃষ্টি নামার আগেই ভোরের দিকে নগরীর বিভিন্ন স্থানে বয়ে যায় ঝড়ো বাতাস। তবে বৃষ্টি শুরু হলে বাতাসের তীব্রতা কিছুটা কমে এলেও মাঝে মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হতে দেখা যায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার ভোর থেকে রাজধানীতে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ তুমুল বৃষ্টি হচ্ছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় আর রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ