Views Bangladesh Logo

বৃষ্টির কারণে সুপ্রিম কোর্টে হচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিন জানাজা

টানা বৃষ্টির কারণে সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা আর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে না। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, রোববার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

রোববার সকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরের সম্মতিক্রমেই জানাজার স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদ, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং জাতীয় সংসদ ভবনের সামনে—এই তিন স্থানে পর্যায়ক্রমে জানাজা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বৈরী আবহাওয়া ও টানা বর্ষণের কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের কর্মসূচি বাতিল করা হয়েছে।

এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের বিচারিক কার্যক্রম দিনের দ্বিতীয়ার্ধে বন্ধ থাকবে। এছাড়া আপিল বিভাগের চেম্বার জজ আদালতের কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক ও সাংবিধানিক জীবনে তিনি দুই দফা জাতীয় সংসদের স্পিকার এবং দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি দেশের আইনাঙ্গনেও তিনি একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে দীর্ঘদিন অবদান রেখে গেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ