রাজধানীসহ পাঁচ বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস, ভোগান্তিতে নগরবাসী
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকেই ঢাকায় শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবনে একদিকে যেমন স্বস্তি ফিরেছে, অন্যদিকে সকালের অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি।
দিনের শুরুতেই বৃষ্টি নামায় রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কর্মজীবী ও সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছাতে গিয়ে বিপাকে পড়েন। অনেকে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়ায় পথিমধ্যে ভিজে যান আবার অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নিতে বাধ্য হন। ছাতা থাকা সত্ত্বেও অতি বৃষ্টির কারণে অনেকের পোশাক ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছায়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির এই ধারা বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও বিস্তৃত হতে পারে। বিশেষ করে ১ মে শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওইদিন ঢাকা ও সিলেটসহ পাঁচটি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃষ্টির সময় তীব্র বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন পর থেকে বৃষ্টিপাতের এই প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং বৃষ্টি কমলে সারা দেশের তাপমাত্রা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে