ভোরে ঢাকায় মুষলধারে বৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
গত চারদিন ধরে চলা থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শুক্রবার (১ মে) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক প্রধান সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা। কোথাও কোথাও ড্রেনের নোংরা পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম, যার ফলে যাতায়াতে পোহাতে হচ্ছে বাড়তি ঝামেলা।
শুক্রবার ভোর ৫টার পর থেকে প্রায় দুই ঘণ্টা টানা বৃষ্টিতে গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ ও ধানমন্ডি রবীন্দ্র সরোবরের পাশের রাস্তাগুলো ডুবে যায়। এছাড়া জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর-১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক ও মগবাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাতিরঝিল সংলগ্ন মধুবাগ এলাকায় সড়কের ওপর পানি জমে থাকায় যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেছে।
আজ সকালে মিরপুর থেকে কারওয়ান বাজারে কর্মস্থলে আসার পথে সাংবাদিক মানিক রাহান বাপ্পী তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, মিরপুরের রাস্তায় রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে যাওয়ায় তাকে দুই পা উঁচিয়ে বসে আসতে হয়েছে। এরপরেও রিকশা চলার সময় দুই পাশ থেকে পানি ছিটে আসায় তিনি ভিজে যান। ভেজা পোশাকেই তাকে দিনভর অফিসের কাজ করতে হবে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। তার মতো অসংখ্য মানুষকে আজ সকালে একই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে।
উল্লেখ্য, গত রোববার থেকে সারাদেশে বৃষ্টি শুরু হওয়ার ফলে দীর্ঘ এক সপ্তাহের দাবদাহ থেকে মুক্তি পেয়েছে জনপদ। মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টি হয়েছে। গতকাল বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও আজ ভোরের বর্ষণ রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে এনে দাঁড় করিয়েছে। ফলে বৃষ্টির স্বস্তি ছাপিয়ে এখন জলাবদ্ধতার ভোগান্তিই নগরবাসীর প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে