জম্মু ও কাশ্মীরে তীব্র গোলাগুলি
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের আওয়ান্তিপোরা এলাকায় বৃহস্পতিবার সন্ত্রাসীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালানোর সময় এ গোলাগুলি হয়।
এক্স’এ দেয়া এক পোস্টে কাশ্মীর পুলিশ জানিয়েছে, আওয়ান্তিপোরার নাদের ও ত্রাল এলাকায় এনকাউন্টার চলছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করছে।
খবরে বলা হচ্ছে, গত ৪৮ ঘণ্টায় এটি এই অঞ্চলে দ্বিতীয় বড় বন্দুকযুদ্ধ।
এর আগে মঙ্গলবার, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত হয়। সংঘর্ষটি প্রথমে কুলগামে শুরু হয়ে পরে শোপিয়ানের জঙ্গলে ছড়িয়ে পড়ে বলে এনডিটিভি জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এক পৃথক পোস্টে জানায়, ১৩ মে শোপিয়ানের শইকাল কেল্লার এলাকায় রাইফেল ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা একটি ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়- খুঁজে ধ্বংস করা’ অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসী প্রচণ্ড গুলি চালায়, যার জবাবে তীব্র গোলাগুলি হয় এবং তিনজন হত্যা করা হয়।
২২ এপ্রিল পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায়।
এই হামলার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং সীমান্তে গোলাগুলি শুরু হয়। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়, তবে চুক্তি কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে