হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার করা রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, শুনানিতে প্রথমে অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। পরে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে তাদের যুক্তি তুলে ধরবেন।
এর আগে গত ৪ জুন অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারিত ছিল। তবে হাসপাতালে চিকিৎসাধীন এক গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় সেদিনের শুনানি পেছানো হয়।
মামলায় বর্তমানে গ্রেপ্তার পাঁচ আসামি হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।
পলাতক আসামিদের মধ্যে ড. হাছান মাহমুদ ছাড়াও রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
পলাতক ১৭ আসামির পক্ষে গত ১৩ মে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের আইনগত প্রতিনিধিত্ব করছেন আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম।
গত ৭ এপ্রিল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনীত ফরমাল চার্জ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। এর দুই দিন আগে, ৫ এপ্রিল প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করে।
মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুকের বিরুদ্ধে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রের হত্যার কথা উল্লেখ রয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।
মতামত দিন