Views Bangladesh Logo

ইফতারে স্বাস্থ্যকর পানীয়: ঘরে তৈরি খেজুর স্মুদি

 VB  Desk

ভিবি ডেস্ক

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন শরীর ও মনে এনে দেয় প্রশান্তি। অনেকেই সহজ উপায় হিসেবে বাজারের তৈরি ইনস্ট্যান্ট শরবত বেছে নেন। তবে অতিরিক্ত চিনি ও কৃত্রিম উপাদানযুক্ত পানীয়ের বদলে ঘরেই তৈরি করতে পারেন পুষ্টিকর ও প্রাকৃতিক এক গ্লাস খেজুর স্মুদি। এটি যেমন সুস্বাদু, তেমনি শক্তি জোগাতে কার্যকর।

খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি, ফাইবার ও খনিজ উপাদান। দুধ, কলা ও দইয়ের সঙ্গে মিশে এটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর পানীয়—যা ইফতারে ক্লান্ত শরীরকে দ্রুত চাঙা করে তুলতে পারে।

যা লাগবে
খেজুর ১০–১২টি

দুধ ২ কাপ

পাকা কলা ২টি

দই ২ টেবিল চামচ

দারুচিনি গুঁড়া ২ চা চামচ

মধু ২ চা চামচ

বরফ পরিমাণমতো


যেভাবে তৈরি করবেন
প্রথমে পরিষ্কার গরম পানিতে খেজুর ভিজিয়ে কিছুক্ষণ রেখে নরম করে নিন। এতে খেজুর সহজে ব্লেন্ড হবে এবং স্বাদও ভালো আসবে। এরপর খেজুরের বীজ ফেলে দিয়ে কলা টুকরা করে নিন।

একটি ব্লেন্ডারে দুধ, খেজুর, কলা, দই, দারুচিনি গুঁড়া ও মধু একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। খেয়াল রাখবেন, যেন কোনো দানা না থাকে এবং মিশ্রণটি মসৃণ হয়।

সবশেষে কাঁচের গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন। ইফতারের ঠিক আগে তৈরি করলে স্বাদ ও ঘ্রাণ সবচেয়ে ভালো পাওয়া যাবে। বেশি সময় রেখে দিলে স্বাদের পরিবর্তন হতে পারে।

পুষ্টি ও স্বাদের সমন্বয়ে এই খেজুর স্মুদি হতে পারে আপনার ইফতারের বিশেষ আকর্ষণ। স্বাস্থ্যকর বিকল্প বেছে নিয়ে রমজানের প্রতিটি দিন রাখুন সতেজ ও প্রাণবন্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ