স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ৫০১ কোটি টাকা
গত অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে সামগ্রিক বাজেটের আকার কমলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ছে ৫০১ কোটি টাকা। নতুন অর্থবছরের জন্য এ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা, যেখানে ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা। এতে স্বাস্থ্য খাতে বাজেট মোট বাজেটের ৫.৩ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ৫.১৯ শতাংশ।
সোমবার (২ জুন) বিকেলে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের সকল নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে শূন্য পদ পূরণে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ ত্বরান্বিত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টির জন্য সমন্বিত পরিকল্পনাও নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।
এছাড়া, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর চাহিদা অনুযায়ী ‘কেয়ারগিভার’ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা গেলে একদিকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে প্রবাস আয়ের নতুন দ্বার উন্মোচিত হবে। এ লক্ষ্যে কেয়ারগিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স-শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে