Views Bangladesh Logo

ডেঙ্গুর নতুন ধরনে রোগীদের শরীরে রক্তক্ষরণের আশঙ্কা, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের শরীরে এবার রক্তক্ষরণের ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের ধারণা অনুযায়ী এবারের ডেঙ্গুর ধরন ‘হেমোরেজিক’ হতে পারে, যেখানে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই রোগীর শরীরে রক্তক্ষরণ শুরু হওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করা হবে। অভিযানের সময় যেসব স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানকার দায়ীদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ সিটি করপোরেশনের একটি জরিপ অনুযায়ী, ৬৩টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ