Views Bangladesh Logo

হবিগঞ্জ সদর হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ

হবিগঞ্জ সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এক ফার্মাসিস্টকে অনুপস্থিত পাওয়ার পর তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন।

হাসপাতালে পৌঁছে মন্ত্রী সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে জানতে চান। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা সন্তোষজনক নয় মন্তব্য করে তিনি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন।

এ সময় হাম প্রতিরোধে সরকারের পরবর্তী কর্মসূচির বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে। শিশুদের নির্ধারিত সব টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, শিশুকে জন্মের পর মায়ের শালদুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। পাশাপাশি সময়মতো প্রয়োজনীয় টিকা দেওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও সেবার মান নিয়ে মন্ত্রীর কাছে অভিযোগ করেন রোগীরা। তাদের বক্তব্য শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় অনুপস্থিত ফার্মাসিস্ট রিগান হোসেনকে বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ