Views Bangladesh Logo

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে মারা যাচ্ছে সোয়া লাখ মানুষ

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কঠোর নীতিমালার তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষ মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ ছাড়া আরও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়, ফলে চিকিৎসার ব্যয়ও বেড়ে যায়।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না এলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। প্রেসক্রিপশন ছাড়া বা ওভার দ্য কাউন্টার পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন জরুরি।

তিনি জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। এতে স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

এ ছাড়া দেশজুড়ে সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এর মাধ্যমে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।

চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য এবং আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকেও স্বাগত জানান প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল রয়েছে। তবে অনেক জ্যেষ্ঠ চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকও এসব প্রটোকল সম্পর্কে অবগত নন।

তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমোসহ অন্যরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ