কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের তালিকা চাইলেন হাইকোর্ট
দেশের কারাগারগুলোতে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও বয়সের বিস্তারিত তথ্য জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন) এই প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৫ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুন নাহার মাহমুদ দীপা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন।
প্রতিবেদন দাখিলের পাশাপাশি আদালত একটি রুলও জারি করেছেন। কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের কল্যাণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না— রুলে তা জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব এবং কারা মহাপরিদর্শককে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত 'কারাগারে বিপন্ন শৈশব' শীর্ষক একটি প্রতিবেদন যুক্ত করে গত ৯ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করা হয়।

মতামত দিন