Views Bangladesh Logo

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৭ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। এর আগে গত ৩১ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

আদালতে আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও ইমাম হোসেন তারেক শুনানিতে অংশ নেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এবং ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মাত্র ১৩ কার্যদিবসে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়।

পরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে যুক্তিতর্ক শেষে ১৭ মে রায় ঘোষণা করা হয়। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামি, শিশুটির বোনের স্বামী সজীব শেখ, তার ছোট ভাই এবং মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হলে আইন অনুযায়ী তা অনুমোদনের জন্য মামলার নথি উচ্চ আদালতে পাঠানো হয়। সেই ধারাবাহিকতায় গত বছরের ২১ মে মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। পরে পেপারবুক প্রস্তুতের জন্য তা বিজি প্রেসে পাঠানো হয় এবং প্রস্তুত শেষে ৮ জুন হাইকোর্টে জমা পড়ে। শুনানি শেষে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং সোমবার প্রকাশ করা হলো এ মামলার পূর্ণাঙ্গ রায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ