ঈদুল আজহায় ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার নির্দেশ হাইকোর্টের
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভিড় ও ভোগান্তি কমাতে দেশের সব যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আইনজীবীরা জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার বিধান রয়েছে। এছাড়া দীর্ঘ দূরত্বের ট্রেনে (৫০ মাইলের বেশি) ওই কামরার সঙ্গে পৃথক শৌচাগার রাখার কথাও বলা আছে।
কিন্তু বাস্তবে এই বিধান পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট দায়ের করেন। পরে আদালত বিষয়টি নিয়ে রুল জারি করে।
ঈদের সময় যাত্রী চাপ বেশি থাকায় এবং নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সম্পূরক আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, ঈদ চলাকালীন ট্রেনগুলোতে নারীদের জন্য নির্ধারিত কামরা বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং তা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে