দুর্ঘটনা রোধে তিন মাসের মধ্যে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের
দুর্ঘটনা রোধে সারা দেশে ছড়িয়ে থাকা অনিরাপদ ও পরিত্যক্ত গভীর নলকূপ যথাযথভাবে তিন মাসের মধ্যে ভরাট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের এই আদেশ অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। তাই তিনি প্রতিকার চেয়ে এই রিটটি দায়ের করেছিলেন।
অ্যাডভোকেট মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনীতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে শিশু সাজিদ একইভাবে প্রাণ হারান। সর্বশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় শিশু মিসবাহর মর্মান্তিক মৃত্যু ঘটে।’
তিনি আরও বলেন, ‘এসব মৃত্যুর ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আমি জনস্বার্থে রিটটি দায়ের করি। আজ শুনানি নিয়ে আদালত নির্দেশ দিয়েছেন যে, আগামী তিন মাসের মধ্যে সারাদেশের সকল পরিত্যক্ত গভীর নলকূপ ভরাট নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে বাস্তবায়ন প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে