Views Bangladesh Logo

গাড়িতে ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ কেন নয়, জানতে চাইলেন হাইকোর্ট

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল ঠেকাতে সব ধরনের যানবাহনের গায়ে বা উইন্ডশিল্ডে ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুলে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কুইক রেসপন্স টিম গঠন না করা, বেপরোয়া চালানো রোধে গণপরিবহনের ভেতরে ও বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন না করা এবং একতলা বাসকে দোতলা বাসে রূপান্তর ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার বৈধতাও জানতে চেয়েছেন আদালত।

এ ছাড়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার ক্ষতিপূরণের আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের দুর্ঘটনায় আহত হওয়ার পর আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান জনস্বার্থে এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ