৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন মঞ্জুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার কাছে একটি রিকশায় করে মাইকে ৭ মার্চের ভাষণ বাজান শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের কর্মীরা সেখানে গিয়ে বাধা দিলে কর্মসূচিটি পণ্ড হয়ে যায়। বাধা প্রদানকারীদের মধ্যে ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনার পর এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইমিসহ তিনজনকে শাহবাগ থানায় নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারগারে পাঠানো হয়।
তবে এই মামলার বাকি দুই আসামির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে