Views Bangladesh Logo

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বোর্ডের নির্বাচন আয়োজনে আর কোনো বাধা রইল না।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে ‘উত্থাপিত হয়নি’ মর্মে রিটটি খারিজ করে আদেশ দেন। এই আদেশের ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ব্যারিস্টার মাহিন এম রহমান।

গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং ‘পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬’ আয়োজনের লক্ষ্যে সাধারণ পরিষদের ‘কাউন্সিলর’ মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। সেই চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৮ মে রিটটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। রিট আবেদনকারী বাকি পাঁচজন হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ