পটুয়াখালী-৩ আসনে জয়ী নুরুল হককে অভিনন্দন জানালেন হাসান মামুন
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) জয়ী হওয়ায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন– ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩।’
হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পটুয়াখালী-৩ আসনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। তবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম জানান, এ আসনের ৮০টি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফলে নুরুল হক ট্রাক প্রতীক নিয়ে ৭৩,৯৩৪ ভোট পেয়েছেন। হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭,৯৩০ ভোট। নুরুল হক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৬,৪০০ ভোটে এগিয়ে জয়ী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনটি ছেড়ে দেয় বিএনপি। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন মনোনয়নপত্র জমা দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০ ডিসেম্বর দল থেকে বহিষ্কার হন। এর আগে ২৮ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় পদত্যাগের কথা জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে