Views Bangladesh Logo

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা বিস্তারের অভিযোগ তুলেছেন ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির ‘কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে’ ইসরায়েল।

তিনি বলেন, কিছু নির্দিষ্ট প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে নয়, বরং বৃহত্তর নিরাপত্তা উদ্বেগ থেকেই এই পর্যবেক্ষণ চালানো হচ্ছে। তার দাবি, চরমপন্থী সংগঠনগুলো ৭ অক্টোবরের ঘটনাকে অন্য অঞ্চলে কার্যক্রম চালানোর “মডেল” হিসেবে ব্যবহার করতে পারে।

রাষ্ট্রদূত আরও বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে চরমপন্থার প্রভাব বিস্তারের বিষয়টি আঞ্চলিক দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এমন পরিস্থিতি বিভিন্ন দেশের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে এবং সরকারগুলোর জন্য তা নজরদারির বিষয়।

সাক্ষাৎকারে পাকিস্তানের আঞ্চলিক ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিউভেন আজার। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক মধ্যস্থতায় ইসলামাবাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, ইসরায়েল পাকিস্তানের কিছু কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে। একই সঙ্গে তিনি কাতারের ভূমিকারও সমালোচনা করেন।

ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, কিছু দেশ এমন একটি অবস্থান প্রচার করে যেখানে ইসরায়েলের অস্তিত্বই গ্রহণযোগ্য নয় বলে ইঙ্গিত দেওয়া হয়। তার মতে, শান্তি বিষয়ে বিভিন্ন পক্ষের ধারণা মৌলিকভাবে ভিন্ন। পাকিস্তানের কিছু অংশে ইহুদি-বিরোধী মনোভাব উসকে দেওয়ার মতো বক্তব্য পাওয়া যায়, যা আঞ্চলিক আস্থা গঠনে বাধা সৃষ্টি করে। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের নিরাপত্তা উদ্বেগ সম্পর্কে অবহিত করেছে।

এছাড়া চরমপন্থী নেটওয়ার্কের বিস্তারকে একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে নজরদারি ও আলোচনায় তিনি ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়ে আসছেন।

ইরানকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন রিউভেন আজার। তিনি বলেন, ইরানকে ঘিরে যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে—এটাই ইসরায়েলের মূল অবস্থান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ