এবার গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোররাতের এই হামলায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আলজাজিরার খবরে জানানো হয়েছে।
হামাসের আল-আকসা টেলিভিশনের খবরে বলা হয়, জাবালিয়ায় আল-কানুয়ার তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো হামলায় আব্দেল লতিফ আল-কানৌয়া নিহত হন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলের পৃথক হামলায় গাজা সিটিতে অন্তত ছয়জন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন।
প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল। চলতি সপ্তাহের প্রথমদিকে তাদের হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।
হামাসের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, বারদাউইল ও বারহুম উভয়েই হামাসের ২০ সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘রাজনৈতিক দপ্তরে’র সদস্য ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় নির্বিচার হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত এ পরিষদের ১১ জন সদস্য নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে গাজায় ফের বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে তাদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮৩০ জন নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৮২৮ জন।
যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে